ক্রিকেট

টেস্টে ক্যাচের বিশ্বরেকর্ড গড়ে যা বলছেন রুট

Cricketer celebrating a successful catch in a match with a large crowd in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

Cricketer celebrating a catch during a match, with a large audience watching in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লর্ডস টেস্টে মাঠে নামার আগেই রাহুল দ্রাবিড়ের পাশে বসেছিলেন ইংল্যান্ডের জো রুট। সামনে হাতছানি দিচ্ছিল অনন্য এক মাইলফলক। অবশেষে ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ে নেমে দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন তিনি। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারকে ছাড়িয়ে ফিল্ডার হিসেবে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার রেকর্ডটি এখন রুটের।

লর্ডসে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ব্যাটে নেমে সবগুলো উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। তাতে এখন পর্যন্ত ২৪২ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

ভারত ইনিংসের ২১তম ওভারে বেন স্টোকসের বলে এজ হয়ে স্লিপে ধরা পড়েন করুন নায়ার। যা বাঁ দিকে ঝুঁকে এক হাতে তালুবন্দি করেই বিশ্বরেকর্ড গড়লেন ইংলিশ তারকা জো রুট। এর মধ্য দিয়ে তিনি ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নন-উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ড গড়েন। ১৫৬ টেস্টে রুটের ক্যাচ এখন ২১১। ১৬৪ টেস্টে দ্রাবিড়ের ক্যাচ ২১০। ১৪৯ ম্যাচে ২৭০ ইনিংসে ২০৫ ক্যাচ নিয়ে সর্বোচ্চ ক্যাচ নেয়ার তালিকায় তিনে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।

মাইলফলকের পর ইউরোপের সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রুট বলেছেন, ‘আট-নয় বছর বয়সে ফাইন লেগে ফিল্ডিং করতাম। এভাবে ক্রিকেটে শিক্ষানবিশ সময় কাটছিল। একটু বেশি খেলার পর নিজের জায়গাটা খুঁজে পাই।’

‘ম্যাচে বেশি মনোযোগ বাড়াতে সিনিয়র খেলোয়াড়দের একজন জানতে চাইতেন (ওভারে) আর কয়টি বল বাকি আছে? আমরা ঠিকঠাক উত্তর দিতে পারলে ২০ পেন্স (পেনি) পেতাম। আমরা যদি ভালোভাবে এটা করতে পারতাম তাহলে ম্যাচ শেষে ক্রিস্প অ্যান্ড পপ (পটেটো চিপস ও কোমল পানীয়) কেনার টাকা হয়ে যেত। এভাবে ওখানে (স্লিপ ফিল্ডিং) চলে আসি।’

বিষয়:ইংল্যান্ডজো রুটটেস্ট সিরিজবেন স্টোকসভারতলর্ডস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…