চুয়াডাঙ্গায় ট্রেন থামিয়ে এলাকাবাসীর অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণ ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে দাবি বাস্তবায়নে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আনসারবাড়ীয়া রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামিয়ে রাখা হয়।
অবরোধ কর্মসূচিতে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের তিন দফা দাবির মধ্যে রয়েছে, ঐতিহ্যবাহী আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গভাবে চালু করা, দুজন স্টেশনমাস্টারসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন। এ ছাড়া আধুনিক প্ল্যাটফর্ম ও বিশ্রামাগার নির্মাণ এবং ঢাকা-খুলনা ও খুলনা-রাজশাহী রুটের আন্তঃনগর ট্রেনের উভয় দিকের যাত্রায় আনসারবাড়ীয়া স্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়েছেন তারা।






