ভক্তদের কাছে ‘লেডি মেগাস্টার’ মৌসুমী, জন্মদিনে ভালোবাসায় সিক্ত

৩ নভেম্বর ছিল বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শীনি খ্যাত অভিনেত্রী মৌসুমীর জন্মদিন ৫৩তন জন্মদিন। এ উপলক্ষে সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। বাড়তি আনন্দ হিসেবে মৌসুমীর ভক্তরা বিশেষভাবে পালন করেছেন তার বিশেষ এই দিন।
মঙ্গলবার দুপুরে মৌসুমী ভক্তরা ‘টিম মৌসুমী’র আয়োজনে রাজধানীর ফার্মগেটের একটি রেস্তোরাঁয় একত্রিত হয়ে কেক কাটেন। এসময় যুক্তরাষ্ট্র থেকে অডিও কলে মৌসুমী তাদের সাথে জন্মদিনের আয়োজনে যুক্ত হয়ে আনন্দ ভাগাভাগি করেন। সরাসরি উপস্থিত থেকে মৌসুমীর ভক্তদের সঙ্গে কেক কাটেন ওমর সানীও।
২০১৭ সাল থেকে প্রতিবছর মৌসুমীর ভক্তদের নিয়ে গঠিত ‘টিম মৌসুমী’ জন্মদিন পালন করে থাকে। তারা জানান, ২০১৭ সাল থেকে প্রতিবছর ঢাকার বিভিন্ন জায়গায় জন্মদিন পালন করেন। ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে থাকায় জন্মদিন আয়োজনে উপস্থিত না থাকতে পারলেও আগামী বছর জন্মদিন আয়োজনে মৌসুমী বলে জানান তার ভক্তরা।
২০০০ সালের ফেব্রুয়ারি থেকে মৌসুমীর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল পরিচালনা, শীতবস্ত্র বিতরন, বন্যা, রমজান মাসে ইফতার বিতরণের নানা উদ্যোগ নিয়ে থাকে। আগামীতে টিম মোসুমীর পর থেকে আরও কিছু মানবতা ও সেবামূলক কাজের ইচ্ছে রয়েছে বলে তারা জানান।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে প্রয়াত সালমান শাহর বিপরীতে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মৌসুমীর। ভক্তদের কাছে শুরু থেকে তিনি ছিলেন আইকন। টিম মৌসুমীর সদস্যরা জানান, নব্বই দশকে মৌসুমীর চলচ্চিত্রে আগমন দেশ-বিদেশে সমাদৃত হয়েছিল। এরপর থেকে তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন সবাই। ভক্তদের কাছে ঢালিউডের ‘সর্বশেষ লেডি মেগাস্টার’ হলেন মৌসুমী।
বিগত কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। অনেকটা চলচ্চিত্র থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। টিম মৌসুমীর সদস্যরা বলেন, মৌসুমী আপু তার দীর্ঘ ক্যারিয়ারে এত এত চরিত্র করেছেন এজন্য তিনি পরিপূর্ণ একজন ভার্সেটাইল অভিনেত্রী। উনি এত কাজ করেছেন যে এখন আর সিনেমা না করলেও চলবে। তিনি অনেক কিছু অর্জন করেছেন। আমরা চাই, এই অর্জনগুলোই তার ভক্তদের মাঝে বেঁচে থাকুক।
এবছর ৫৩ বছরে পা রেখেছেন মৌসুমী। ১৯৭৩ সালের তিন নভেম্বর তার জন্ম। ভক্তদের দাবি, বাংলা চলচ্চিত্রে যা কিছু সুন্দর তার সবটার সাথে মিশে আছেন মৌসুমী। নায়িকা থেকে অভিনেত্রী। লাস্যময়ী থেকে আটপৌরে, বিদ্রোহী নারী থেকে নির্যাতিত গৃহিনী একই সময়ে ডাকসাইটে অহংকারী থেকে নিভৃত জীবনের চরিত্রে তার জুড়িমেলা ভার। সময়ের ফেরে নিজেকে গড়েছেন বহুমাত্রিক চরিত্রে।
সেইসাথে প্রেমিকা, নারী, মা, বোন, ভাবী কিংবা স্বাধীন চরিত্রের অনবদ্য অভিনেত্রী মৌসুমী। নিজের শ্রম, মেধা,ত্যাগ আর ব্যক্তিত্বের জন্য, শিল্পের মানোন্নয়নে নিরবচ্ছিন্ন কাজ করেছেন তিন দশক ধরে। এ কারণে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে মৌসুমীই ঢালিউডের লেডি মেগাস্টার।






