ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সঙ্গে ড্রয়ের পর আর্সেনালের সঙ্গেও পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ের দৌড়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে তিন পয়েন্ট করে তুলতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন দলটি। তাতে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে, সেটা অনুভব করছেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা। লিগে আর্সেনাল ও ম্যানসিটির পয়েন্ট ভাগাভাগির পর লিভারপুলকে স্পষ্ট ফেভারিট দেখছেন পেপ।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার রাতে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানসিটি। দু’দলের পয়েন্ট হারানোয় লাভ হয়েছে লিভারপুলের। ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইয়ূর্গেন ক্লপের দল।
লিগে এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করেছে ম্যানসিটি। আন্তর্জাতিক ফুটবল বিরতির আগে লিভারপুলের মাঠে ১-১এ ড্র করেছিল গত তিনবারের চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে আর্সেনাল টানা আট জয়ের পর পয়েন্ট হারাল এই প্রথম।
২৯ ম্যাচে যখন শীর্ষে লিভারপুল, সমান ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল ও ৬৪ পয়েন্ট নিয়ে তখন তিনে রয়েছে গার্দিওলার দল।
এমন বাস্তবতায় গার্দিওলার কাছে প্রশ্ন যায় আসরে লিভারপুল ফেভারিট কিনা। জবাবে স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘পরিষ্কারভাবে লিভারপুল ফেভারিট। যারা শীর্ষে থাকে তারাই তো ফেভারিট।’
‘আমরা যখন লিগের শীর্ষে ছিলাম, ফেভারিট ছিলাম। তখন পুরো বিষয়টি আমাদের হাতে ছিল। এখন সেটা নেই। এখন দ্বিতীয় ফেভারিট আর্সেনাল এবং তিনে রয়েছি আমরা। ব্যাপারটি খুবই সহজ।’








