সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। মৃত্যু পর পর্তুগিজ তারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিধান করা ২০ নম্বর জার্সি তুলে রাখার ঘোষণা দেয় লিভারপুল। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি এবার জানালো অ্যানফিল্ডে জোতার ভাস্কর্য নির্মাণ করবে তারা। পাশাপাশি ২০২৫-২৬ মৌসুমের নতুন কিটে ‘ফরএভার ২০’ প্রতীক নিয়ে মাঠে নামবে অল রেডসরা।
জোতার মৃত্যুর পর অ্যানফিল্ডে স্টেডিয়ামের বাইরে ফুল এবং জোতার জার্সি দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভক্তরা। ক্লাব একটি অস্থায়ী স্মৃতিসৌধ তৈরি করেছিল সেখানে। স্মৃতিসৌধ থেকে ফুল ও জার্সি সরিয়ে নিয়ে সেগুলো সংরক্ষণ করেছে লিভারপুল।
স্মৃতিসৌধের স্থানে জোতার ভাস্কর্য তৈরি করবে ক্লাবটি। এছাড়াও লিভারপুলের স্টোর থেকে কেউ যদি জার্সির পিছে ডিয়েগো জোতা ২০ লেখে, তাহলে সেই অর্থ যাবে এলএফসি ফাউন্ডেশনের তহবিলে।
২০২৫-২৬ মৌসুমের নতুন কিট ‘ফরএভার ২০’ উন্মোচন হবে আগস্টের ১ তারিখ। এছাড়াও ১৫ আগস্ট অ্যানফিল্ডে বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে, জোতার স্মরণে একটি বিশেষ ফ্যান মোজাইক উন্মোচন করা হবে। পাশাপাশি এক মিনিটের নীরবতা পালন করা হবে।
অ্যানফিল্ডে এসে ফুল দিয়ে জোতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা ভক্তদের ধন্যবাদ জানিয়েছে লিভারপুল। বিবৃতিতে বলেছে, ‘ডিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার প্রতি যারা অ্যানফিল্ডে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন, তাদের প্রতি লিভারপুল এফসি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছে।’
শনিবার আর্নে স্লটের দল হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে ৪-২ গোলে হেরেছে।
গত ৩ জুলাই ভোরে ২৮ বর্ষী জোতা ও তার ছোট ভাই আন্দ্রে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়েতে সড়ক দুর্ঘটনার শিকার হন। গাড়িতে আগুন ধরে যায়, দুজনেই ঘটনাস্থলে মারা যান।







