ইংলিশ প্রিমিয়ারের ২০২৪-২৫ মৌসুমের প্রথম ম্যাচে নেমেই রেকর্ড গড়েছেন মোহাম্মেদ সালাহ। মিশরীয় তারকার জোড়া গোলে জয় দিয়ে মৌসুম শুরু করেছে লিভারপুল। জয় পেয়েছে আর্সেনালও।
২২ বছর পর প্রিমিয়ার লিগে জায়গা করে নেয়া ইপসউইচ টাউনকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দীর্ঘদিন পর মৌসুম শুরুর ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। রাফা বেনিতেজ, রয় হজসন, কেনি ডালগ্লিশ, ব্রেন্ডন রজার্স এবং ইয়ুর্গেন ক্লপের ব্যর্থতার পর প্রথম ম্যাচে জয় এনে দিতে পেরেছেন আর্নে স্লট।
ইপসউইচ টাউনের মাঠে প্রথমার্ধ গোলশূন্যই শেষ হয়েছে। ৬০ মিনিটে প্রথম গোলটি এনে দেন সালাহ। পাঁচ মিনিট পর দ্বিতীয় গোল করেন তারকা ফরোয়ার্ড। তাতে প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে রেকর্ড ৯ গোলের দেখা পান সালাহ। পেছনে ফেলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, অ্যালান শিয়ারার ও ওয়েইন রুনির ৮ গোলের রেকর্ড। সালাহর রেকর্ড গড়ার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এমিরেটস স্টেডিয়ামে উলভসকে ২-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে আর্সেনাল। ২৫ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান বুকায়ো সাকা। ৭৪ মিনিটে উলভসের জালে বল পাঠান।
রাতের অন্য ম্যাচে এভারটনকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাইটন। সাউথাটম্পনকে ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। এএফসি ব্রাউনমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে নটিংহ্যাম ফরেস্ট।








