গত সপ্তাহে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিফাকের দায়িত্ব নিয়েছেন স্টিভেন জেরার্ড। নতুন মৌসুম শুরুর আগে দল গুছিয়ে নিচ্ছেন অ্যাস্টন ভিলার সাবেক কোচ। মাঝ মাঠকে শক্তিশালী করতে লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনে নজর নিয়েছেন জেরার্ড।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের খবর, জেরার্ডের অধীনে ইউরোপ থেকে নতুন খেলোয়াড় টানতে বড় অংকের অর্থ খরচ করতে প্রস্তুত আল ইত্তিফাক। ক্লাবটি বেশকিছু ইউরোপীয় খেলোয়াড়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।
২০১১ সাল থেকে অ্যানফিল্ড মাতাচ্ছেন ইংলিশ ফুটবলার হেন্ডারসন। বর্তমানে অলরেডদের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ৩৩ বর্ষী তারকা। ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আসছে মৌসুমেই তাকে চাচ্ছেন ইত্তিফাকের নতুন কোচ জেরার্ড।
একযুগে লিভাপুলের হয়ে অনেক শিরোপা জিতেছেন হেন্ডারসন। গত মৌসুমে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।







