লম্বা সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারছেন না লিটন দাস। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রানে ফিরলেও পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে গোল্ডেন ডাক হাঁকিয়ে ফিরেছেন দৃষ্টিকটু শটে। তাতে বিশ্বকাপের ইতিহাসে ইনিংসের প্রথম বলে আউট হওয়া ষষ্ঠ ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন ২৯ বর্ষী ওপেনার। কিউইদের বিপক্ষে প্রথম বলে আউট হয়ে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাকে।
ম্যাচ শেষে একটি টেলিভিশন শোতে পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরাম আলোচনা করেছেন লিটনের আউট নিয়ে। তার মতে শটটি ভিন্নভাবে খেলতে পারতেন অভিজ্ঞ লিটন, ‘অনেকদিন ধরেই বাংলাদেশের হয়ে খেলছেন লিটন দাস। এখন আর তরুণ খেলোয়াড় না। বুঝলাম বলটা বাজে ছিল। স্বাভাবিকভাবেই শটটা চলে এসেছে। তবে এটাও মাথায় রাখতে হবে এটা ৫০ ওভারের ম্যাচ। ফাইন লেগ যদি পিছে থাকে, তাহলে সিঙ্গেল নাও। এসব কি লিটনকে এখন আমাদের বলে দিতে হবে?’
এশিয়া কাপের আগেও ওয়ানডেতে বাংলাদেশ দল ছিল বেশ ধারাবাহিক। ব্যাটিং অর্ডারে নানা পরীক্ষা-নিরীক্ষার কারণে বেশির ভাগ ম্যাচের শুরুতেই এখন ব্যাটিং দুর্দশায় পড়ছে চন্ডিকা হাথুরুসিংহে দল।
পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বাংলাদেশের ব্যাটিং নিয়ে বলছেন, ‘সবাইকেই দায়িত্ব নিয়ে খেলতে হবে। এই সময়ে ৩০-৪০ করে আউট হলে আপনার দল জিতবে না। টপঅর্ডার ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি আসতে হবে, সেটা হচ্ছে না। এটাই এখন বাংলাদেশের সমস্যা।’







