ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে শান্তিচুক্তি আলোচনায় লেবাননের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত সাইমন কারাম।
সৌদি গেজেট জানিয়েছে, লেবানলের প্রেসিডেন্ট জোসেফ আউন এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, কারামের নেতৃত্বাধীন এই প্রতিনিধিদল ভবিষ্যৎ কূটনৈতিক প্রক্রিয়া পরিচালনা করবে। আলোচনার মূল লক্ষ্য হচ্ছে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করা, দখলদারিত্বের অবসান ঘটানো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে লেবাননের সেনাবাহিনী মোতায়েন নিশ্চিত করা, যাতে দেশের স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।
একই দিনে প্রেসিডেন্ট আউন লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিকেল ইসার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চলমান যুদ্ধবিরতি বজায় রাখা এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তিনি আরও স্পষ্ট করে জানান, এই আলোচনা অন্য কোনো প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নয়। বর্তমান পরিস্থিতিকে তিনি দুটি বিকল্পের সামনে দাঁড়িয়ে আছে বলে উল্লেখ করেন একদিকে যুদ্ধ অব্যাহত রাখা, অন্যদিকে আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই যুদ্ধবিরতিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।








