টিভির পেছনে টয়লেট টিস্যুতে গোপন রেকর্ডার, চ্যাটজিপিটি কার্যালয়ে কী ঘটেছিল?

ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (চ্যাটজিপিটি) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো কার্যালয়ের নির্বাহী সম্মেলনকক্ষে গোপনে রেকর্ডিং ডিভাইস বসানোর অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এক সৌদি প্রকৌশলীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে।
অভিযুক্তের নাম আবদুলরহমান আলফোজান। মার্কিন ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, ওপেনএআইয়ের এআই পণ্য সম্পর্কে সংবেদনশীল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তিনি গোপনে কথোপকথন রেকর্ড করার চেষ্টা করেন।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর টয়লেট টিস্যু দিয়ে মোড়ানো একটি রেকর্ডিং ডিভাইস নির্বাহী সম্মেলনকক্ষের টেলিভিশনের পেছনে থাকা ইউএসবি পোর্টে লুকিয়ে রাখা হয়। দুই দিন পর, ৩০ সেপ্টেম্বর কর্মীরা ডিভাইসটি খুঁজে পান। ডিভাইসটি এনক্রিপ্ট করা ছিল বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
ওপেনএআই জানিয়েছে, ডিভাইসটি পাওয়ার পর তারা এফবিআইকে বিষয়টি জানায়। প্রতিষ্ঠানটির দাবি, নিজেদের এআই মডেল ব্যবহার করে ডিভাইসটির উৎস শনাক্ত করার পাশাপাশি এর সঙ্গে জড়িত কর্মীকেও চিহ্নিত করা হয়।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত ব্যক্তি নিয়োগকর্তার নির্বাহী সম্মেলনকক্ষে রেকর্ডিং ডিভাইস লুকিয়ে সংবেদনশীল কথোপকথন ধারণের চেষ্টা করেছিলেন। অভিযোগ অনুযায়ী, ওপেনএআইয়ের এআই পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল তার উদ্দেশ্য।
প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৫ সালের জুলাই থেকে ওপেনএআইয়ে প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন আলফোজান। ডিভাইস বসানোর আগে প্রতিষ্ঠানের সংবেদনশীল স্থান সম্পর্কে জানতে তিনি একটি উৎপাদনশীলতা-সংক্রান্ত টুল ও চ্যাটবট ব্যবহার করেন। গোপনে অডিও রেকর্ডিং সরঞ্জাম স্থাপনের পদ্ধতি নিয়েও অনুসন্ধান করেছিলেন বলে অভিযোগ রয়েছে। অবিরাম অডিও রেকর্ডিং, ওয়াই-ফাই সংযোগ, সরাসরি অডিও শোনা এবং এসডি কার্ড এনক্রিপশন নিয়েও চ্যাটবটে প্রশ্ন করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
প্রসিকিউটরদের দাবি, ৫ অক্টোবর ডিভাইসটি পরীক্ষা করতে আবারও কার্যালয়ে যান আলফোজান। সিসিটিভি ফুটেজে সেখানে তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই দিন ভবনের অন্য একটি স্থানে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে তার মানিব্যাগ, পরিচয়পত্র এবং সম্মেলনকক্ষে পাওয়া ডিভাইসের মতো আরেকটি রেকর্ডিং ডিভাইস উদ্ধার করেন ওপেনএআইয়ের নিরাপত্তাকর্মীরা।
এ ঘটনায় নিজেদের সোর্স কোড, এআই মডেলের ওজনসংক্রান্ত তথ্য বা গ্রাহকদের তথ্য অননুমোদিতভাবে নেওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে ওপেনএআই। অভিযুক্ত কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার আদালতে হাজির হন আলফোজান। তার পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।






