ব্রাজিলের একটি আদিবাসী সম্প্রদায়ের সর্বশেষ জীবিত ব্যক্তি মারা গেছেন। তাকে বলা হতো বিশ্বের নিঃসঙ্গতম মানুষ। কারণ জীবনের শেষ ২৬টি বছর তিনি একা কাটিয়েছেন।
সোমবার বিবিসি তার মৃত্যুর সংবাদ প্রকাশ করে।
এই ব্যক্তিকে ‘ম্যান অব হোল’ বা ‘গর্তমানব’ও বলা হতো। কারণ তিনি গর্ত খুঁড়তেন। যেগুলো বন্য প্রাণী ধরা এবং নিজে লুকিয়ে থাকার জন্য ব্যবহার করতেন।
বিবিসি তাদের প্রতিবেদনে বলছে: বলিভিয়ার সীমান্তের কাছে অবস্থিত তানারু আদিবাসী এলাকার রন্দোনিয়ায় বসবাস ছিল তার। গত ২৩ আগস্ট ওই ব্যক্তিকে তার কুঁড়ে ঘরের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন না পাওয়া যাওয়ায় স্বাভাবিক ভাবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তার মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে ময়নাতদন্ত করা হবে।
১৯৯৫ সালে ওই ব্যক্তির পরিবারের সাতজন সদস্যের মধ্যে ছয়জনকেই নিহত হয় অন্য একটি আদিবাসী হামলায়। এরপর থেকে তিনি একা ২৬ বছর কাটিয়েছেন। ২০১৮ সালে সর্বশেষ তাকে দেখা গিয়েছিলো।







