ইয়ামাল-রাফিনহার জোড়া গোল, রিয়ালকে টপকে শীর্ষে বার্সা

রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে চলছে টেবিলে শীর্ষ ধরে রাখার লড়াই। লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে বড় জয়ে আবারও শীর্ষে পৌঁছেছে কাতালান ক্লাবটি। ৫-২ গোলের জয়ে রাফিনহা এবং লামিন ইয়ামাল করেছেন জোড়া গোল।
মঙ্গলবার দিবাগত রাতে ন্যু ক্যাম্পে ম্যাচের প্রথমে হোঁচট খেয়েছিল বার্সা। ১২ মিনিটে সার্জিও ক্যামেলোর গোলে লিড নেয় রায়ো। ১৯ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রাফিনহা। ২১ মিনিটে বার্সাকে লিড এনে দেন ইয়ামাল। ২-১এ এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। ৫১ মিনিটে ফ্লোরিয়ান লেজুন নিজেদের জালে বলা জড়ালে ব্যবধান দিগুণ হয় কাতালান ক্লাবটির।
৫৯ মিনিটে ক্যামেলোর জোড়া গোলে আবারও রায়োর ব্যবধান কমে। ৭০ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ৩-২ ছিল। এরপর খেলার নিয়ন্ত্রণ চলে যায় বার্সার কাছে। ৭১ মিনিটে রাফিনহার জোড়া এবং ৯০ মিনিটে ইয়মালের জোড়া পূর্ণ হলে ৫-২ গোলে বড় জয় পায় বার্সা।
তিন ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে লিগে টেবিল টপার বার্সেলোনা। একই সমীকরণে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।







