আন্তর্জাতিক বিরতি শেষে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা যখন ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে, মনে হচ্ছিল মৌসুমে প্রথম হারের মুখ দেখবে। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়াকে ভালো চোখে দেখছেন না কোচ। যা দ্রুত কাটিয়ে উঠতে চান ৬৪ বর্ষী আনচেলত্তি।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে লিগে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেন উরুগুইয়ান তারকা ফেদেরিকো ভালভার্দে ও স্প্যানিশ ফরোয়ার্ড জোসেলু। সোসিয়েদাদের হয়ে লক্ষ্যভেদ করেন আন্ডার ব্যারেনেটক্সিয়া।
ম্যাচে জয় পেলেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কোচ আনচেলত্তির কপালে। চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই শুরুতে পিছিয়ে পড়ে জিততে হয়েছে রিয়ালকে। যা স্বস্তি দিচ্ছে না রিয়াল বসকে।
ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই আগে গোল খেয়ে আমাদের পিছিয়ে পড়তে হয়েছে। ম্যাচে জয় পেয়েছি ঠিকই, কিন্তু এটি আসলে চিন্তার বিষয়। এই জিনিসগুলো ঠিক করতে হবে। কারণ প্রথমে পিছিয়ে পড়ে আবারও ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। যেমনটা আজকের ম্যাচেও হয়েছে।’
‘এই ম্যাচটি এমন একটি দলের সঙ্গে খেলেছি যারা অনেক ভালো ফুটবল খেলে। তবে আমরা আমাদের প্রতিশ্রুতি, শক্তি এবং আকাঙ্ক্ষার জন্য শেষপর্যন্ত ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি বলে জয় পেয়েছি এবং ৯০ মিনিট আমাদেরকে সহ্য করা প্রতিপক্ষের জন্য বেশ কঠিন।’







