কলকাতায় সেরা ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
স্পেনের ছবির সাথে যৌথভাবে সেরা ছবির জন্য ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে তিনজন ব্যক্তি পুরস্কার গ্রহণ করছেন, একটি বড় স্ক্রিন পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামলো ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর। এই উৎসবে সেরা ছবির পুরস্কার হিসেবে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’ পুরস্কারটি জিতে নিয়েছে মুহাম্মদ কাইউম পরিচালিত বাংলাদেশের ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর অফিশিয়াল ওয়েব সাইটে খবরটি প্রকাশ করা হয়েছে। তবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র সাথে যৌথভাবে উৎসবের সেরা ছবির পুরস্কার পেয়েছে স্পেনের ছবি ‘আপন এন্ট্রি’।
মুহাম্মদ কাইউমের হাতে পুরস্কার ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
পুরস্কার প্রাপ্তির খবরটি মুহাম্মদ কাইউম নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। পুরস্কার পাওয়া ক্রেস্টটির ছবি ফেসবুকে দিয়ে এই নির্মাতা লিখেছেন, ‘যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র! এই পুরষ্কার প্রিয় বন্ধু, প্রয়াত গাজী মাহতাব হাসান এবং সকল কলাকুশলী ও অভিনয় শিল্পীদের প্রতি উৎসর্গ করছি।’
‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে এ বছর প্রতিযোগিতায় ছিলো মোট ১৪টি চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে ছিলো মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।
এই বিভাগের ছবিগুলো বিচারের দায়িত্বে ছিলেন মোট ৫জন বিচারক। এরমধ্যে চেয়ারপারসন হিসেবে প্রযোজক ও চলচ্চিত্রের বাণিজ্য বিস্তার নিয়ে কাজ করা ইলিয়ানা জাকোপলু ছাড়াও ছিলেন মানো খলিল, শালিনী ডোরে, তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল।
১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। অতিথি হিসেবে আরও ছিলেন জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জী সহ পশ্চিম বাংলার গুণীজনরা। এবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতীয় গুণীজনদের সঙ্গে মঞ্চে ছিলেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।





