‘কোহলির কাঁধ থেকে বাঁদর নেমেছে’
বলছেন রবি শাস্ত্রী

ভারতীয় ক্রিকেটার কোহলি কাঁধে ব্যাট নিয়ে উল্লাসে মেতে উঠেছেন, খেলার মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচের আগে গত তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না বিরাট কোহলি। শুধু তাই নয়, গত কয়েক মাস ধরে ছিলেন না চিরচেনা ফর্মেও। অবশেষে কাঙ্ক্ষিত সেঞ্চুরি এলো এশিয়া কাপে। তাও এমন একটি ফরম্যাটে যেখানে এর আগে কখনোই সেঞ্চুরি পাননি তিনি। এমন কামব্যাকে তারকা ব্যাটারের কাঁধ থেকে বাদর নেমেছে বলছেন কোহলিদের সাবেক কোচ রবি শাস্ত্রী।
দিনের হিসেবে এক হাজার ২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। দীর্ঘ এ সময়ের বেশিরভাগটায় কোহলিকে কাছ থেকে দেখেছেন শাস্ত্রী। তাই সাবেক শিষ্যর হতাশা গুরুর চোখও এড়ায়নি।
তবে শাস্ত্রীর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করা ক্রিকেটারের এমন কয়েক বছর খারাপ যেতেই পারে। তার ধারণা, এই সেঞ্চুরিতে কোহলির বাজে সময়টাও অনেকাংশে কেটে গেছে। শরিবার এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।
‘আপনি যেই এক হাজার ২০ দিনের কথা বলছেন, এর মধ্যে অন্তত ৭০০ দিন আমি সেই ড্রেসিংরুমে ছিলাম। এটা অনেক বড় সময়। তার কাঁধ থেকে বাঁদর নেমে গেছে। আপনার যখন ৭০টা সেঞ্চুরি থাকবে তখন এরকম এক, দুই বা আড়াই বছরের বাজে সময় কাটতে পারে।’
‘তখন সবাই বলতে শুরু করবে, ‘এটা অনেক আগে…’। কোহলিও মানুষ। এটা তাকে কুড়ে কুড়ে খেয়েছে। সে না চাইলেও প্রতিটা সকালে তার এই ঘটনা মনে পড়েছে।’
এবারের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার আগে ২০১৯ সালের নভেম্বরে শেষবার সেঞ্চুরির দেখা পান কোহলি। এরপর তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খান অফ-ফর্মেই। মাস খানেক আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেন কোহলি। এর মধ্যে ২০ রান অতিক্রম করতে পারেননি একটি ইনিংসেও।






