কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাহাদুরপুর হাওরে নৌকায় করে মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক কিশোর বজ্রপাতে নিহত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত জাহাঙ্গীর আলম অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড় গ্রামের মো. আরজুদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাস্তুল হাওরে জাহাঙ্গীর ও তার দুলাভাই হারিছ নৌকা দিয়ে মাছ ধরতে যান। হারিছ পানিতে নেমে জাল উত্তোলন করছিল আর জাহাঙ্গীর নৌকায় বসে নিয়ন্ত্রণ করছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়।
এ সময় বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন। পরে অন্য জেলেরা ও স্বজনরা খোঁজাখুজি করে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করেন। কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







