জনপদ

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পিছনে মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ে দুই ছেলে বিধান বাছাড় (৬০) ও মানিক বাছাড় (৪২)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তারা মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঠে কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আপন দুই ভাইয়ের অকাল মৃত্যু হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ঘটনার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। তিনি জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে সেখানে অবিলম্বে প্রতিনিধি পাঠিয়েছেন। পরিবারটিকে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ। তিনি নিহত দুই ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সরকারি সহায়তার ক্ষেত্রেও দলটির পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

বিষয়:কৃষিকাজ বজ্রপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…