পাণ্ডুলিপি পাঠমঞ্চের চতুর্থ আয়োজনে নাটক পাঠ করবেন আসাদুল ইসলাম

ছবি: সংগৃহীত
নতুন মৌলিক নাটকের পাঠ ও আলোচনা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বসছে ‘পাণ্ডুলিপি পাঠমঞ্চ’। আয়োজনের চতুর্থ পর্বে নাট্যকার ও পাণ্ডুলিপি পাঠমঞ্চের আহ্বায়ক আসাদুল ইসলাম তার নতুন নাটক পাঠ করবেন। নাটক পাঠের পর এর বিষয়বস্তু ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন নাট্যজন শহীদুজ্জামান সেলিম ও ড. আইরিন পারভীন লোপা। পাশাপাশি দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন নাট্যকার।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নাট্যচর্চায় মৌলিক পাণ্ডুলিপির সংকট দূর করা এবং নতুন নাটক নিয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাণ্ডুলিপি পাঠমঞ্চে নবীন ও প্রবীণ নাট্যকারেরা তাদের লেখা নতুন মঞ্চনাটক স্বকণ্ঠে পাঠ করে শোনাবেন।
নাট্যজন মামুনুর রশীদের নাটক পাঠের মধ্য দিয়ে পাণ্ডুলিপি পাঠমঞ্চের যাত্রা শুরু হয়। এরই মধ্যে নাট্যকার মাসুম রেজা ও আনন জামান তাদের লেখা মৌলিক নাটক পাঠ করেছেন।
পাণ্ডুলিপি পাঠমঞ্চের আয়োজক পর্ষদে ঢাকার বিভিন্ন নাট্যদলের নাট্যশিল্পী ও নাট্যকারেরা যুক্ত রয়েছেন। এর আহ্বায়ক আসাদুল ইসলাম (ম্যাড থিয়েটার) এবং সদস্যসচিব এইচ এম মোতালেব (দৃশ্যকাব্য)। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাট্যকার আবু সাঈদ তুলু ও নাট্যকার মাহফুজা হিলালী। যুগ্ম সদস্যসচিব সৈয়দা শামছি আরা সায়েকা (পদাতিক নাট্য সংসদ)।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন মিন্টু সরদার (এথিক), হামিদুর রহমান পাপ্পু (শৌখিন থিয়েটার), খন্দকার আতিক (ঢাকা পদাতিক), কামরুল হাসান (আরণ্যক নাট্যদল), সোনিয়া হাসান সুবর্ণা (ম্যাড থিয়েটার), ফজলে রাব্বি সুকর্ণ (স্বপ্নদল), নূর-ই-আলম সুমন (থিয়াট্রন ঢাকা), তারেক আলী মিলন (ঢাকা পদাতিক), সামিউন জাহান দোলা (ধ্রুপদী অ্যাক্টিং স্পেস) ও রওশন জান্নাত রুশনী (শব্দ নাট্যচর্চা কেন্দ্র)।
আয়োজকদের বিশ্বাস, এ উদ্যোগ নতুন নাট্যকার তৈরিতে উৎসাহ জোগানোর পাশাপাশি বৈচিত্র্যময় পাণ্ডুলিপির সঙ্গে নাট্যানুরাগীদের পরিচিতি বাড়াবে। একই সঙ্গে দেশের নাট্যচর্চার বিকাশ ও মৌলিক মঞ্চনাটকের প্রসারে ভূমিকা রাখবে পাণ্ডুলিপি পাঠমঞ্চ।



