দিন কয়েক আগেই হৃষিকেশে আগামী ছবির শুটিং করতে গিয়ে হাতে চোট পান বরুণ ধাওয়ান। এবার একই পথের পথিক হলেন কার্তিক আরিয়ান। কার্তিক এবং শ্রীলীলা বর্তমানে উত্তরবঙ্গে শুটিংয়ে ব্যস্ত। অনুরাগ বসুর আগামী ছবিতে জুটি বেঁধেছেন তারা।
খবর রয়েছে, সেখানেই শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন কার্তিক। বাঁ হাতে বড় ব্যান্ডেজ বাঁধা তার। সেই অবস্থাতেই নায়িকার সঙ্গে শট দিতে দেখা গেছে ‘ভুলভুলাইয়া’ অভিনেতাকে।
বর্তমানে ডুয়ার্সে শুটিং করছেন কার্তিক-শ্রীলীলা। এই খবর ছড়ানোর পরেই শুটিংয়ের জায়গায় অনুরাগীদের ভিড়। সকলেই এক ঝলক দেখতে চান জুটিকে। এই প্রজন্ম পাগল নায়কের সঙ্গে নিজস্বী তোলার জন্য। তাঁদের শুটিংয়ের প্রত্যেক মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল।
এমনই এক মুহূর্তে দেখা গেছে, বাইকে শ্রীলীলাকে বসিয়ে শট দিচ্ছেন নায়ক। বাঁ হাত জুড়ে ব্যান্ডেজ। ছবিতেই স্পষ্ট, হাতে চোট নিয়ে অভিনয় করছেন কার্তিক। ওই অবস্থায় শুটিং শেষ করে জুটির হোটেলে ফেরার ছবিও ছড়িয়ে পড়েছে। তখনও নায়কের হাতে ব্যান্ডেজ বাঁধা।
এদিকে ছবি মু্ক্তির আগেই নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নায়কের। কার্তিকের বাড়ি থেকেও নাকি পছন্দ শ্রীলীলাকে এই খবর জানাজানি হতে গুঞ্জন বেড়েই চলেছে। ফলে, জুটিকে নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে।







