অন্যান্য খেলা

মেয়েদের পর ছেলেরাও স্বর্ণপদক এনে দিলেন বাংলাদেশকে

ইরাকে এশিয়ান কাপ আর্চারিতে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্ট

মেয়েদের পর ছেলেরাও স্বর্ণপদক এনে দিলেন বাংলাদেশকে

ইরাকে এশিয়ান কাপ আর্চারিতে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনার হাসিতে মাতেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।

বুধবার ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টটিতে কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের নারী দল। ফাইনালে কাজাখস্তানকেই হারিয়ে দেন কুলসুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাস।

ফাইনালে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেটে ৫০-৫৩ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন আলিফ-সাগর-রাফিরা। দ্রুতই ঘুরেও দাঁড়ান। দারুণ পারফরম্যান্স উপহার দেন শেষঅবধি। পরের তিন সেটে জয় তুলে নিয়ে সোনার পদক নিশ্চিত করে বাংলাদেশ।

দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ ব্যবধানে জিতে ফাইনাল নিজেদের করে নেন বাংলাদেশের আর্চাররা।

এর আগে এলিমিনেশন রাউন্ডে ‘বাই’ পেয়ে সরাসরি পরের ধাপে ওঠে বাংলাদেশ। সেমিতে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল দলটি।

এই সাফল্যে টুর্নামেন্টে বাংলাদেশের পদকসংখ্যা দাঁড়াল ৬টিতে। এপর্যন্ত দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

কম্পাউন্ড ছেলেদের দলগত ও কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে রুপার পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড ছেলেদের এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি জিতেছেন ব্রোঞ্জ।

বিষয়:আব্দুর রহমান আলিফ উজবেকিস্তান কুলসুম আক্তার মনি নেওয়াজ আহমেদ রাকিব মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি সাগর ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…