ঋষভ শেঠির ছবি ‘কানতারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ এর অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে। যে ছবিটি প্রথম কিস্তির তুলনায় আরও বেশি সাড়া পাচ্ছে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কানতারা’ ব্লকবাস্টার হিট ছিল। মাত্র ১৬ কোটি বাজেটে তৈরি সিনেমাটি বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছাড়িয়ে যায়।
এখন এর প্রিক্যুয়েল (‘কানতারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১) মুক্তি পেতে চলেছে, তাই দর্শকরা ইতিমধ্যেই উত্তেজিত।
নির্মাতারা ছবিটির প্রিক্যুয়েল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। ‘কানতারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ মুক্তির দিনে ৫,১৯৫টি শো সারা ভারতজুড়ে থাকছে। এরপর দর্শকরা কতটা সাড়া দেন সেই অনুযায়ী এই শোগুলি বাড়াতে বা কমাতে পারেন হল মালিকরা।
তবে অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান বিচার করলে, স্ক্রিন সংখ্যা কমার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। স্যাকনিল্ক কর্তৃক প্রকাশিত, ছবিটির অগ্রিম বুকিং পরিসংখ্যান থেকে জানা যায় যে, প্রায় দেড় লক্ষ টিকিট বিক্রি হয়েছে।
ছবিটির আগের কিস্তির উন্মাদনা মাথায় রেখে ঋষভ শেঠির ‘কানতারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ কন্নড় ছাড়াও তেলেগু, তামিল, হিন্দি এবং মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মুক্তির তারিখে দর্শকরা কেবল ২ডি তে ছবিটি দেখতে পারবেন।
এদিকে আয়ের দিক থেকে ‘কানতারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ ইতিমধ্যেই অগ্রিম বুকিং থেকে ৯ কোটি টাকা আয় করেছে। যার মধ্যে ব্লক করা আসনও রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। মাত্র তিন দিনের মধ্যে নিঃসন্দেহে এটি একটি উল্লেখযোগ্য কৃতিত্ব!
‘কানতারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’-এর এর অগ্রিম বুকিং ২৬ সেপ্টেম্বর কন্নড় সংস্করণের জন্য শুরু হয়েছিল, এরপর ২৮ সেপ্টেম্বরে হিন্দি, মালায়ালাম এবং অন্যান্য সংস্করণের জন্য খোলা হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে ছবিটির অসাধারণ আয় থেকে বোঝা যায় যে দর্শকরা ছবিটির জন্য বেশ উত্তেজিত। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।- ওয়ান ইন্ডিয়া







