জনপদ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: মামলা করবে প্রশাসন, তদন্তে ছাত্রদলের কমিটি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: মামলা করবে প্রশাসন, তদন্তে ছাত্রদলের কমিটি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

আহত সাংবাদিকেরা হলেন দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম।

আহত চার সাংবাদিককে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার প্রতিবাদে রোববার রাতেই শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

রাত ১০টার পর ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলিম, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদসহ প্রশাসনের কর্মকর্তারা।

সাংবাদিকদের সঙ্গে আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে সোমবার মামলা করার আশ্বাস দেওয়া হলে দিবাগত রাত সোয়া ১টার দিকে কর্মসূচি থেকে সরে আসেন সাংবাদিকেরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে মামলা না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

সাংবাদিকদের দাবির মধ্যে রয়েছে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা এবং সোমবার দুপুর ১২টার মধ্যে তাঁদের গ্রেপ্তার নিশ্চিত করা।

এ ছাড়া অভিযুক্তদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, তাদের ছাত্রত্ব বাতিল এবং যাদের পড়াশোনা শেষ হয়েছে, তাদের সনদ বাতিলের দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী নন—এমন অভিযুক্ত ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলিম বলেন, সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার হল প্রশাসনের উদ্যোগে মামলা করা হবে। অন্য দাবিগুলোও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাস্তবায়ন করা হবে।

অন্যদিকে হামলার অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে কেন্দ্রীয় সংসদে লিখিত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ পাওয়ার পর তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলমকে রাখা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্য, হামলায় ছাত্রদলের অন্তত ১০ জন নেতা-কর্মী অংশ নেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমের নাম উল্লেখ করা হয়েছে।

তবে হামলার অভিযোগের বিষয়ে ছাত্রদলের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিষয়ে তাদের অবস্থান আরও স্পষ্ট হবে।

বিষয়:রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…