আফ্রিকান নেশন্স কাপের ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মোহাম্মেদ সালাহ। প্রায় এক মাস পর চোট কাটিয়ে মাঠে ফিরছেন তারকা ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলতে সালাহ প্রস্তুত বলে জানিয়েছেন লিভারপুলের কোচ ইয়ূর্গেন ক্লপ।
গত মাসের মাঝামাঝিতে আফ্রিকান নেশন্স কাপে গ্রুপপর্বে ঘানার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েন মিশরের অধিনায়ক। পরে তার দল টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায় নেয়।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ক্লপ জানান, সালাহ পুরোদমে অনুশীলনে ফিরেছেন এবং ম্যাচটি খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।
১৪ গোল করে এখন পর্যন্ত চলতি লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।
এদিকে, গত শনিবার লিগ ম্যাচে বার্নলির বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েন ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড। তার হাঁটুর পুরোনো চোটে আবারো দেখা দিয়েছে উঠেছে বলে জানিয়েছেন ক্লপ।







