বিতর্ক উতরে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং হয়েছে আমির খান পুত্র জুনায়েদ খানের প্রথম সিনেমা ‘মহারাজ’। যার মুক্তির পর থেকেই ছবির কাহিনি ও জুনায়েদের অভিনয়ের প্রশংসায় ভাসছেন দর্শকরা। আর সেই সাফল্যের সময় না গড়াতেই এবার নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হলেন আমির পুত্র জুনায়েদ।
সম্প্রতি এএনআই কে দেওয়া এক সাক্ষাতকারে নিজের নতুন সিনেমাতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জুনায়েদ। দিল্লিতে নাম নির্ধারণ না হওয়া একটি ছবির শুটিং শুরু করেছেন তিনি। যেখানে তার সঙ্গী হয়েছে বনি কাপুর ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর। তবে আসন্ন প্রজেক্ট সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানাননি তিনি।
এছাড়াও নিজের প্রথম সিনেমা ‘মহারাজ’র সাফল্যের প্রসঙ্গে জুনায়েদ বলেছেন, ‘মহারাজ’ এর জন্য দর্শকদের থেকে যে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এত বিতর্কের পরেও যে সাফল্য, এটা বেশ সন্তোষজনক।
সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘মহারাজ’ ছবিটির কাহিনী মূলত ১৮৬২ সালের ঘটে যাওয়া ‘মহারাজ লিবেল কেস’ এর ঘটনা থেকে অনুপ্রাণিত। যেখানে একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে নিজের নারী শিষ্যদের ধর্ষণ করার অভিযোগ ওঠে। মূলত সেই কাহিনীকে কেন্দ্র করেই আসন্ন এই ছবিটি নির্মিত হয়েছে।
ছবিতে সাংবাদিক ও সমাজকর্মী করসনদাস মুলজির ভূমিকাতে দেখা গেছে জুনায়েদকে। তার বিপরীতে ছিল ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পান্ডে। এছাড়াও ছবিতে অন্যতম ভূমিকায় ছিলেন ‘পাতাললোক’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত। যিনি ধর্মগুরুর চরিত্রে অভিনয় করেছেন। – ইন্ডিয়ান এক্সপ্রেস







