শিশুদের মধ্যে অটিজম বিষয়ক ধারণা ও সচেতনতা তৈরির জন্য ‘জুলিয়া’ নামের একটি চরিত্র যোগ হয়েছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরে (সেসামি ওয়ার্কশপ)। বর্তমানে এই চরিত্রটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও মেক্সিকোর সেসামিস্ট্রিট শো’তে দেখা যাবে।
পরে এই চরিত্রটি বাংলাদেশে প্রচারিত ১-২-৩ সিসিমপুরেও যুক্ত হবে বলে সিসিমপুর বাংলাদেশ অফিস সূত্রে জানা গেছে।
গতবছর জুলিয়ার ডিজাইন সম্পন্ন করে সেসামিস্ট্রিট কর্তৃপক্ষ। আর আগামী ১০ এপ্রিলে টেলিভিশনে জুলিয়াকে দেখতে পাবে শিশুরা।
জুলিয়া চরিত্রটি একটি অটিষ্টিক কন্যা শিশু। সেসামিস্ট্রিট শো’তে জুলিয়া তার সহচরিত্রদের সঙ্গে নিয়ে অটিজম সচেতনতায় বিভিন্ন গঠনমূলক ভূমিকায় অংশ নেবে। জুলিয়াকে নতুন ডিজিটাল ভিডিও, বইসহ অন্যান্য প্রচারণা সামগ্রীতেও দেখা যাবে। ইউটিউবে প্রকাশিত জুলিয়ার ভিডিওটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
সিসিমপুরের মূল সংগঠন সেসামি ওয়ার্কশপ একটি যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান। ১৯৬৯ সালে যাত্রা শুরু করে সেসামি ওয়ার্কশপ তাদের কার্যক্রম ১৫০টির বেশী দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশেও সিসিমপুর অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়।










