অপরাধ

মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার

মিরপুরে যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মোতাহার হোসেন সুফলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলায় মোতাহার হোসেন সুফলের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলাটি মিরপুর মডেল থানায় দায়ের করা হয়।

এ ছাড়া একই ধরনের আরও চারটি হত্যা মামলায় সুফলকে এজাহারনামীয় আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায়ও তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশের তথ্যমতে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া ২০টির বেশি হত্যা মামলায় মোতাহার হোসেন সুফলকে ওয়ান্টেড আসামি হিসেবে খোঁজা হচ্ছিল। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছিল। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, একটি হত্যা মামলায় সুফলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আরও চারটি হত্যা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। এছাড়া ২০টির বেশি হত্যা মামলায় তাকে ওয়ান্টেড হিসেবে খোঁজা হচ্ছিল।

গ্রেপ্তারের পর সুফলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট মামলাগুলোতে তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া হত্যা ও অন্যান্য মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় মিরপুরে যুবলীগ নেতা মোতাহার হোসেন সুফলকে গ্রেপ্তার করা হলো।

বিষয়:এজাহারনামীয় আসামি বৈষম্যবিরোধী আন্দোলন যুবলীগ নেতা গ্রেপ্তার হত্যা ও অন্যান্য মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…