চট্টগ্রামে কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত
চট্টগ্রামে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার একদিন পর কেন্দ্রীয় কারাগারে যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। মৃত নুরুল আলম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) কারা কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় নুরুল আলমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বুধবার (২৪ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষের দাবি, অসুস্থ হয়ে পড়ার পরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকরা হার্ট অ্যাটাকের কথা জানিয়েছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






