শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ছুটি পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ থাকাকালীন সময়ে শুক্রবার শনিবার থাকায় মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের কার্যক্রম চালু থাকবে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়াও ১৩, ১৫ ও ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি চালু থাকবে।
বিশ্ববিদ্যালয় হল বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও পূর্বের মতো হলের সব কার্যক্রম চলমান থাকবে। শিক্ষার্থীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।








