সিলেটে সাংবাদিক তাওহিদুজ্জামান জাকির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
আট বছর পর নতুন গান নিয়ে আসছেন জাহিদ আকবর ও কাজী শুভ

সিলেটে সাংবাদিক তাওহিদুজ্জামান জাকিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সৈয়দ তাওহিদুজ্জামান জাকির ওপর হামলার অভিযোগ উঠেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন রবিবার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
সৈয়দ তাওহিদুজ্জামান জাকি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি জিন্দাবাজার এলাকার দি এইডেড হাই স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাকে ঘিরে ধরে হামলা চালায়।
অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও স্টিলের পাইপ নিয়ে জাকিকে মারধর করে। এ সময় স্টিলের পাইপ দিয়ে তার মাথা ও বাম হাতে আঘাত করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে সিলেটের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত সাংবাদিকের খোঁজখবর নিয়েছে। তবে এখনো আহতের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






