বিনোদন

মুক্তিযুদ্ধের শরণার্থী জীবনের বেদনায় ‘যশোর রোড’

মুক্তিযুদ্ধের শরণার্থী জীবনের বেদনায় ‘যশোর রোড’

মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ অবলম্বনে নির্মিত এই গীতি আলেখ্য পরিবেশন করেছে নরসিংদীর নাট্যদল ‘বাঁধনহারা’।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে ‘২৭ ধানমন্ডি গাই বাংলার গান পর্ষদ’-এর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের ইতিহাসের এক বেদনাবহ অধ্যায়- দেশ ছেড়ে শরণার্থী হয়ে সীমান্ত পাড়ি দেওয়া মানুষের জীবন ও দুর্ভোগকে কেন্দ্র করে সাজানো হয় পুরো আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে ছিল সূচনা ও শুভেচ্ছা বিনিময়। এরপর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে স্বাগত বক্তব্য দেন ২৭ ধানমন্ডি গাই বাংলার গান পরিষদের ফজলুল কবীর তুহিন।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, “১৯৭১ সালে তৎকালীন আমেরিকান সরকার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু আমেরিকার জনগণ আমাদের পাশে ছিল। তার প্রমাণ অ্যালেন গিন্সবার্গ ও তার এই অমর সৃষ্টি ‘যশোর রোড’। শুধু তাই নয়, আমেরিকার ম্যাডিসন স্কয়ারে কনসার্ট ফর বাংলাদেশও প্রমাণ করে আমেরিকার জনগণের মতের বিপক্ষে দাঁড়িয়েছিল তৎকালীন সরকার। সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায়, তার ফলাফল কখনো ইতিবাচক হতে পারে না। বাঁধনহারাকে ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা প্রকাশের স্মারক হিসেবে এ গীতি আলেখ্য মঞ্চস্থ করায়।”

অনুষ্ঠানে শরণার্থী শিবিরের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সেই সময়ের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা সত্যজিৎ মজুমদার। আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মুক্তিযোদ্ধা ড. সারোয়ার আলী ও ডাকসুর সাবেক জিএস মুক্তিযোদ্ধা মাহবুব জামান।

মুক্তিযুদ্ধের সময়কার শরণার্থী জীবনের দুঃখ-কষ্টের স্মৃতিচারণের মধ্য দিয়ে উঠে আসে ইতিহাসের সেই বেদনাময় অধ্যায়ের নানা অনুষঙ্গ।

আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল অ্যালেন গিন্সবার্গের ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতার ইংরেজি আবৃত্তি। এটি আবৃত্তি করেন নামধন্য আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন। এরপর কবিতাটির বাংলা অনুবাদ আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রেজিনা ওয়ালী লীনা।

এর সঙ্গে যুক্ত হয় দেশাত্মবোধক সংগীত। ‘ও আমার দেশের মাটি’ পরিবেশন করেন সংগীতশিল্পী আবিদা সুলতানা সেতু এবং ‘ধনধান্য পুষ্পভরা’ পরিবেশন করেন আমন্ত্রিত সংগীতশিল্পী। কবিতা, স্মৃতিচারণ ও সংগীতের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময়কার মানবিক বাস্তবতাকে দর্শকের সামনে তুলে ধরা হয়।

বিরতির পর শুরু হয় সন্ধ্যার মূল আকর্ষণ গীতি আলেখ্য ‘যশোর রোড’। অ্যালেন গিন্সবার্গের কবিতা অবলম্বনে নির্মিত এই পরিবেশনার নির্দেশনায় ছিলেন কামরুজ্জামান তাপু। নরসিংদীর নাট্যদল ‘বাঁধনহারা’ ৩৫ মিনিটের এই গীতি আলেখ্য পরিবেশন করে।

বিষয়:অ্যালেন গিন্সবার্গ কনসার্ট ফর বাংলাদেশ গীতি আলেখ্য যশোর রোড সেপ্টেম্বর অন যশোর রোড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…