মুক্তির বাকি আর মাত্র সপ্তাহ দুই! তারপরই সারা বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত আসন্ন সিনেমা ‘জওয়ান’। তাইতো সময় ঘনিয়ে আসতেই যেন বিশ্বজুড়ে শাহরুখ ভক্তদের এই ছবি নিয়ে কাজ করছে ব্যাপক উন্মাদনা। আর অনুরাগীদের সেই উৎসাহ-উম্মাদনাকে জিইয়ে রাখার কৌশল অবলম্বন করেছেন নির্মাতারাও।
ইতোপূর্বেই নির্মাতারা দাবি করেছেন, ‘পাঠান’ এর চেয়েও বড় মাপের ‘অ্যাকশন এন্টারটেইনার’ ছবি হতে চলেছে ‘জওয়ান’। কেননা ছবির অ্যাকশন দৃশ্য নিয়ে কোন আপস করেননি ছবির পরিচালক ও প্রযোজক। সেই প্রমাণ মিলল আরও এক বার।
খবর এসেছে, এক জন, দুইজন নয়, নিখুঁত অ্যাকশন দৃশ্য কোরিওগ্রাফ ও শুট করতে ‘জওয়ান’র সেটে নাকি হাজির ছিলেন ছয় জন অ্যাকশন ডিরেক্টর। কিন্তু কারা এই ছয় জন অ্যাকশন ডিরেক্টর?
সুনীল রড্রিগেজ, অনল অরসুর মতো নামজাদা ভারতীয় অ্যাকশন ডিরেক্টররা তো আছেনই। সেই সঙ্গে তাদের দলে যোগ দিয়েছিলেন স্পিরো রাজাটোস, ইয়ানিক বেন, ক্রেগ ম্যাকরে, কেচা খামফাকডির মতো বিশ্ব খ্যাত অ্যাকশন ডিরেক্টররা।
জানা গেছে, ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’, ‘ক্যাপ্টেন আমেরিকা’-র মতো ছবিতে কাজ করেছেন স্পিরো। এর আগে ‘রা-ওয়ান’ ছবিতে শাহরুখের সঙ্গেও কাজ করেছেন তিনি। অন্যদিকে ‘ডানকার্ক’, ‘ইনসেপশন’-এর ছবির অ্যাকশন ডিজাইন করে প্রশংসা অর্জন করেছিলেন ইয়ানিক। ‘রইস’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতেও কাজ করেছেন তিনি। ‘অ্যাভেঞ্জার্স: এজ অফ আলট্রন’, ‘ওয়ার’-এর মতো ছবিতে নিজের প্রতিভা প্রমাণ করেছেন ক্রেগ। একই সঙ্গে ‘বাহুবলী’র মতো ফ্র্যাঞ্চাইজিতে কাজ করে ভারতীয় ঘরানার অ্যাকশনে বেশ পোক্ত কেচা খামফাকডি।
সব মিলিয়ে ‘জওয়ান’-এর অ্যাকশন দৃশ্য যে অবাক করবে দর্শককে তা নিয়ে নিশ্চিত ছবির নির্মাতারা। ইতোমধ্যে আমেরিকা, জার্মানি, নেদারল্যান্ড সহ আরব আমিরাতে শুরু হয়েছে ‘জওয়ান’র অগ্রিম টিকিট বুকিং। যেখানে বেশ ভাল দামেই বিক্রি হচ্ছে টিকিট!
শাহরুখ ছাড়াও ‘জওয়ান’ এ আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভার। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট উপস্থাপনায় ‘জওয়ান’ ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি, প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা করেছেন গৌরব ভার্মা। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সূত্র: বলিউড হাঙ্গামা








