আয় ও ব্যয় বেড়েছে জাতীয় পার্টির

জাতীয় পার্টির লোগো, যেখানে সবুজ ও লাল রঙের মধ্যে একটি ঘড়ির মতো ডিজাইন রয়েছে, এবং বাংলায় লেখা রয়েছে ‘জাতীয় পার্টি’।. Channel i News – চ্যানেল আই নিউজ
আয় ও ব্যয় দুটোই বেড়েছে জাতীয় পার্টির (জাপা)। নির্বাচন ভবনে দলটির জমা দেওয়া ২০২২ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব থেকে এমন চিত্র পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে দলটি।
ইসি সচিব মোঃ জাহাংগীর আলমের কাছে হিসাব জমা দেওয়ার পর জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, গত পঞ্জিকা বছরে (২০২২) আমাদের আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। আয়-ব্যয়ের পরে আমাদের ব্যাংকে আছে ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।
তার আগের বছর (২০২১ পঞ্জিকা বছর) ব্যাংক জমাসহ দলটির আয় ছিল ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। ব্যয় করেছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। স্থীতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।
দলগুলো মনোনয়ন ফর্ম বিক্রি, প্রকাশনা বিক্রি প্রভৃতি থেকে আয় করে থাকে। আর ব্যয় করে প্রচার কার্যক্রম, অফিস কর্মচারিদের বেতনসহ সংশ্লিষ্ট খাতে। প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।






