জাতীয় পার্টি (জাপা) ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একই সময় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে জাপা কার্যালয়ে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে জাপাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেয়ার পর কার্যালয় ঘেরাও করতে কাকরাইলের বিজয়নগর এলাকায় আসলে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের জাতীয় পার্টির কর্মীরা আক্রমণ করেছে, আর এ কারণেই তাদের নিশ্চিহ্ন করতে বিজয়নগর যাচ্ছেন সারজিস ও হাসনাত আব্দুল্লাহরা। এমনটাই দুজন নিজেদের ফেসবুকে জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুকে লিখেছেন, জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।
এরপরে তাদের প্রতিহত করার একটি ঘোষণা দেন। এ সময় সকলকে রাজু ভাস্কর্যে আসার আহ্বান জানান। তিনি লিখেছেন, রাজু ভাস্কর্য থেকে ৭.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।
নিশ্চিহ্ন করার কথা এরপর সারজিস আলমও জানান। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাচ্ছি। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।








