জনপদ

১৬ বছর পর খুলছে জামালগঞ্জ রেলস্টেশন, রাজশাহী-খুলনার ট্রেনের বিরতির আশ্বাস

১৬ বছর পর খুলছে জামালগঞ্জ রেলস্টেশন, রাজশাহী-খুলনার ট্রেনের বিরতির আশ্বাস

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে জয়পুরহাটের জামালগঞ্জ রেলস্টেশন। দ্রুততম সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করে স্টেশনটি সচল করার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আবদুল বারী।

শনিবার (৩১ অক্টোবর) জয়পুরহাটের জামালগঞ্জ জিটিসি মোড়ে স্টেশনটি পুনরায় চালু এবং ‘ক্লোজিং ডাউন’ প্রত্যাহারের দাবিতে আয়োজিত গণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

স্টেশনটি চালুর বিষয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়ে কথা বলেছেন জানিয়ে আবদুল বারী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় জামালগঞ্জ স্টেশনের স্লিপার নষ্ট হয়ে গেছে এবং প্ল্যাটফর্মও বেশ নিচু হয়ে পড়েছে। দ্রুত এসব সংস্কার করে স্টেশনটি সচল করার চেষ্টা চলছে।

ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তনগর ট্রেন সব স্টেশনে থামলে এর স্বকীয়তা থাকে না। তাই আপাতত ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি সম্ভব না হলেও রাজশাহী ও খুলনাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতি নিশ্চিত করতে জোর চেষ্টা চালানো হবে।

দেড় দশকের বেশি সময় ধরে স্টেশনটি বন্ধ থাকায় যাত্রী যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাচ্ছেন এ অঞ্চলের মানুষ। স্থানীয়দের আশা, স্টেশনটি আবার চালু হলে যাতায়াতব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

গণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বিষয়:১৬ বছর পর খুলছে জামালগঞ্জ রেলস্টেশন প্রতিমন্ত্রী আবদুল বারী
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…