দুষ্কৃতিকারীদের হামলায় গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা নজরুল ইসলাম নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি জানান, “গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নজরুল ইসলামকে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করেছে। আমি এই মর্মান্তিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’
বিবৃতিতে তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে দেশ থেকে ফ্যাসিবাদ এখনও নির্মূল হয়নি। তারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে জুলাই হত্যাকারীদের বিচার করতে হবে এবং সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করতে হবে।
অবিলম্বে নজরুল ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি নিহত নজরুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।







