চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে সরকারি দলের প্রতি জামায়াত আমিরের আহ্বান

চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এ সময় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর আগে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হলে তারা জনগণের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করতে পারতো।
ভবিষ্যতে অভিযানের আগে নির্বাচিত এলাকার রাজনৈতিক দলগুলোকে জানানোর পরামর্শ দেন তিনি।
প্রশাসনকে অতীতের ফ্যাসিবাদের মতন আচরণ না করতে আহ্বান জানান জামায়াতের আমির।
সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।






