জ্যাকুলিন নির্দোষ, তদন্তের দাবি জানালেন তার আইনজীবী

জ্যাকুলিনের ছবি, তিনি একটি সংবাদ অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা ও ২০০ কোটির প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত চলছে বলিউড তারকা জ্যাকুলিনকে নিয়ে। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পদে পদে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর!
সম্প্রতি ‘কিক’ অভিনেত্রীর আইনজীবী জানালেন জেলে বসেই একটা চিঠি লিখেছে সুকেশ। যাতে স্পষ্ট উল্লেখ আছে এসব প্রতারণায় কোন হাত নেই জ্যাকুলিনের। আর এই চিঠির প্রসঙ্গ তুলেই আইনজীবী দাবি করলেন তার মক্কেল লড়াই চালিয়ে যাবে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে।
সম্প্রতি ইডির তরফে জ্যাকুলিনের জামিনের দাবির বিরোধিতা করে বলা হয়েছে তদন্তে কখনো সাহায্য করেননি এই নায়িকা। একমাত্র তখনই মুখ খুলেছেন যখন তার বিরুদ্ধে একাধিক প্রমাণ তুলে ধরে জেরা করা হয়েছে। সঙ্গে ইডির এটাও দাবি যে নিজের ক্ষমতাবলে মামলা নয় ছয় করার ক্ষমতাও তার রয়েছে। আর এবার জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিল তুলে ধরলেন সেই চিঠি, যেটা সুকেশ জেল থেকে পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে।
তাকে বলতে শোনা যায়, ‘এই চিঠি যদি সুকেশ চন্দ্রশেখর নিজে লিখে থাকে তাহলে তার অভিযোগগুলো নিয়ে স্বচ্ছ এবং তদন্ত করা উচিত ইডির।’
তার দাবি, সুকেশের বলা কথার উপর ভিত্তি করে সবটা খতিয়ে দেখা উচিত। সুকেশের স্টেটমেন্ট রেকর্ড করে তদন্ত চালানো উচিত, যাতে সত্যিটা জলদি সামনে আসে।
নিজের মক্কেল জ্যাকুলিনকে নির্দোষ দাবি করে প্রশান্ত পাতিলকে বলতে শোনা যায়, ‘যে কোন তদন্তের আসল উদ্দেশ্যই হচ্ছে সত্যিটা খুঁজে বের করা। অভিযুক্তর কাছ থেকেও যদি কোন তথ্য মেলে তাহলে সেটাও এজেন্সির খতিয়ে দেখা উচিত। আমি আবারও বলছি আমার ক্লায়েন্ট নির্দোষ। সমস্ত আইন মেনে তিনি নিজের মর্যাদা ফিরে পেতে লড়াই করবে।’
সুকেশ তার চিঠিতে লিখেছিলেন, যা তার আইনজীবীর তরফে দেওয়া হয়েছিল মিডিয়াকে, ‘এটা খুব দুর্ভাগ্যজনক যে আর্থিক কেলেঙ্কারির মামলায় জ্যাকুলিনকে অভিযুক্ত হিসেবে দেখা হচ্ছে। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। আমি যদি ওকে বা ওর পরিবারকে কোন উপহার দিয়ে থাকি তবে ওর কী দোষ। ও ভালোবাসা ছাড়া, আমাকে পাশে চাওয়া ছাড়া আর কিছুই কখনো চায়নি।’
সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা






