রায়হান আহমেদ তামীম। ছড়াকার, কবি ও ফিচার লেখক। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন এর অঙ্গপ্রতিষ্ঠান ‘দূরবীণ’। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
প্রথম কাব্যগ্রন্থ নিয়ে রায়হান আহমেদ তামীম বলেন,‘আমার লেখালেখির শুরু শৈশব থেকে। গত কয়েকবছর বিভিন্ন পত্রিকা ও পোর্টালে আমার বেশ কিছু কবিতা ছাপা হয়। সেইসব কবিতা থেকে কিছু কবিতা যাচাই-বাছাই করে সংযোজন-বিয়োজনের পর বইয়ের জন্য পাণ্ডুলিপি দাঁড় করিয়েছি। আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।’
দূরবীণের প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইমেলায় দূরবীণের পরিবেশক কিংবদন্তী পাবলিকেশনের স্টল (৫৩৪-৫৩৫) থেকে পাওয়া যাবে। পাশাপাশি রকমারি, প্রথমা, বইফেরী, পিবিএসবুক সহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে।








