যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও হামলা চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েলি সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত, ট্যাংক ও সেনা মোতায়েনের দৃশ্য, যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি আলোচনা চলার সময়ও দক্ষিণ গাজার মধ্যবর্তী রাফাহ সীমান্ত ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ দখলে নিয়ে একটি অপরিহার্য সাহায্যের পথও বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং বৈশ্বিক সাহায্য সংস্থাগুলো। ইসরায়েলের রাফাহ আক্রমণ ধবংস ডেকে আনবে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান। আর গাজার পরিস্থিতি সঙ্কটজনক মোড়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। হামলা বন্ধে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার ক্ষমতা ব্যবহারের আহ্বান জানিয়েছেন এক মার্কিন কংগ্রেসওম্যান।
ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দিতে মার্কিন যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য বিলম্ব করেছে বলেও অভিযোগ তোলা হয়েছে। ইসরাইলের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবের চারটি বিষয়ে আপত্তি জানানোয় গাজায় শান্তির সন্ধান প্রক্রিয়া একটি জটিল পর্যায়ে পৌঁছেছে। যদিও এর আগে সোমবার দুপক্ষের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির কথা জানায় হামাস।







