একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের খবরের প্রতিবাদ জামায়াতে ইসলামীর

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে দলটি। এসব খবরকে অসত্য ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর নিন্দা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। সম্প্রতি দলটির সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের যে খবর প্রকাশিত হয়েছে, তা দলের সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, যারা গোলাম পরওয়ারকে জড়িয়ে এমন তথ্য ছড়িয়েছেন এবং অভিযোগের সত্যতা প্রমাণের চ্যালেঞ্জ জানিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা। অসত্য তথ্য ছড়িয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে জামায়াতের এ নেতা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে তথ্যের সত্যতা ও নির্ভুলতা যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং কোনো তথ্য যাচাই না করে বিভ্রান্ত না হতে নাগরিকদের প্রতি আহ্বান জানান এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ তিন নেতা ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ‘গোপন বৈঠক’ করেছেন বলে অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
সোমবার এক ফেইসবুক পোস্টে তিনি দাবি করেন, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ওই বৈঠক হয়।
ফেইসবুক পোস্টে রাশেদ দাবি করেন, ১৬ অক্টোবর মাগরিবের পর বারিধারার ওই বৈঠকে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে জামায়াত নেতা এ টি এম মা’ছুমও ছিলেন।





