দুদিন আগেই বন্যার্তদের সাহায্য করতে দক্ষ রেসকিউ টিমের খোঁজ করছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। এবার বন্যা ট্যুর বন্ধে সোচ্চার এই অভিনেতা।
শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ইরফান। যেখানে বন্যা ট্যুর বন্ধ প্রসঙ্গে অভিনেতা লেখেন।
‘৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়া খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর। কারণ, এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়।’ বলেন ইরফান।
এই অভিনেতা আরো বলেন, যদি যাওয়ারই হয় থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছেন ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভালো হয়। মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
এর আগে, গত ২১ আগস্ট ফেসবুক বন্যার্তদের সহায়তা করতে একটি স্ট্যাটাসে ইরফান লিখেছেন, ‘দক্ষ কোন রেসকিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।’
পাশাপাশি মন্তব্যের ঘরে দক্ষ রেসকিউ টিম খোঁজ করার কারণও জানান ইরফান সাজ্জাদ। তিনি লেখেন, ‘হেলিকপ্টার ব্যবহার করে এমন আবহাওয়াতে উদ্ধারে যাওয়া সহজ কাজ নয়। এজন্য দক্ষ টিম প্রয়োজন।’
স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন দেশের উত্তর-পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ আট জেলায় প্রায় ৩০ লাখের বেশি মানুষ। বন্যাদুর্গতদের উদ্ধারে ইতোমধ্যেই সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধারে কাজ করে যাচ্ছে।








