আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর পদ ছাড়তে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকলেও এক বছরের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার চ্যানেল আইকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘উনি (সালাউদ্দিন) পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আমিও এমন শুনেছি। তবে অফিসিয়ালি সেটি এখনও গ্রহণ করা হয়নি।’
এদিকে ভারতীয় এক সংবাদমাধ্যমে সালাউদ্দীন বলেছে, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পদত্যাগপত্রে সালাউদ্দীন লিখেছেন, এখন আর নিজের ভূমিকায় কাজ করে আনন্দ পাচ্ছেন না।
ডেভিড হেম্পকে বিদায় দেয়ার পর থেকে সালাউদ্দিন দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে। দলের সাম্প্রতিক ব্যর্থতার কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ। প্রথম টেস্টটি হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর। টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর, শেষ ম্যাচটি গড়াবে ২ ডিসেম্বর।







