জামিনে মুক্ত ইরানের বিক্ষোভকারী এরফান সোলতানি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানি জামিনে মুক্তি পেয়েছেন। গত মাসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এমন খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছিল।
আজ ২ ফেব্রুয়ারি সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সোলতানির আইনজীবী আমির মুসাখানি জানিয়েছেন, শনিবার জামিনে মুক্তি পান এরফান সোলতানি। মুক্তির সময় সোলতানিকে তার সব ব্যক্তিগত জিনিসপত্র, এমনকি মোবাইল ফোনও ফেরত দেওয়া হয়েছে। তার মুক্তির জন্য দুই বিলিয়ন তুমান জামিন দিতে হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকার সমপরিমাণ।
এরফান সোলতানিকে গত ৮ জানুয়ারি রাজধানী তেহরানের পশ্চিমে ফারদিস শহর থেকে গ্রেপ্তার করা হয়। সেসময় দেশজুড়ে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে ইরানের নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় ও কঠোর দমন পীড়ন শুরু করে। পরে ইরানের বিচার বিভাগ মৃত্যুদণ্ডের বিষয়টি অস্বীকার করে জানায়, এরফান সোলতানির বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি কারাদণ্ড হলেও মৃত্যুদণ্ড নয়।
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির দাবি, গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। সংস্থাটি আরও প্রায় ১৭ হাজার মৃত্যুর তথ্য যাচাই করছে।






