আন্তর্জাতিক

হরমুজের কাছে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

হরমুজের কাছে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির দিকে এগিয়ে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি আজমায়ি বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজের জন্য অপেক্ষা করছে ইরানি বাহিনী। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৩ অক্টোবর) টেলিভিশনে দেওয়া বক্তব্যে আলি আজমায়ি মার্কিন যুদ্ধজাহাজকে হুঁশিয়ারি দেন। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলি আজমায়ি বলেন, আমরা অপেক্ষা করছি, কখন মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির প্রবেশমুখে আসবে, যাতে আমরা সেগুলো ডুবিয়ে দিতে পারি। নিজেদের দুর্বলতার কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের কাছে আসার সাহস পাচ্ছে না। তার ভাষ্য অনুযায়ী, ১৩ বিলিয়ন ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরি হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি দেখতে চায় হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, তাহলে তারা সরাসরি এখানে এসে দেখুক কার নিয়ন্ত্রণে রয়েছে এই সমুদ্রপথ।

অন্যদিকে হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কাছে এলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারের কোনো নৌবাহিনীই নেই। হরমুজ প্রণালি স্পষ্টতই যুক্তরাষ্ট্রের বাহিনী ও আঞ্চলিক মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।

 

বিষয়:ইরান মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…