আন্তর্জাতিক

হুতিবিরোধী অভিযানে সেনা পাঠাবে না তুরস্ক

হুতিবিরোধী অভিযানে সেনা পাঠাবে না তুরস্ক

ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় সহায়তার বিষয়টি পর্যালোচনা করছে তুরস্ক। এ ক্ষেত্রে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় আকাশ প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধকৌশল ও কারিগরি সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে হুতিদের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক অভিযানে অংশ নেবে না আঙ্কারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আঙ্কারায় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

ফিদান বলেন, গত আগস্টে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ মূলত প্রতিরক্ষামূলক। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে।

তিনি জানান, সৌদি আরবকে কী ধরনের সহায়তা দেওয়া যায়, তা নিয়ে সামরিক কর্মকর্তারা পর্যালোচনা করছেন। এ ক্ষেত্রে দেশটির আকাশ প্রতিরক্ষা জোরদার করা, ইলেকট্রনিক যুদ্ধকৌশল এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

হাকান ফিদান বলেন, ইয়েমেনের সরকারি বাহিনী স্থলভাগে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং সৌদি আরব তাদের সহায়তা করছে। যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় কোনো সদস্যদেশ আক্রান্ত হলে তার প্রতিরক্ষায় অন্য দেশগুলো পাশে দাঁড়াবে। তবে অন্য দেশের ভূখণ্ডে হামলা চালানোর জন্য তুরস্ক সেনা পাঠাবে না।

সৌদি আরবের ঠিক কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণে সামরিক প্রতিনিধিদল কাজ করবে। একই সঙ্গে তুরস্ক ও পাকিস্তান কীভাবে সহায়তা করতে পারে, সেটিও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি।

এর আগে বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছিলেন, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে মূলত প্রতিরক্ষামূলক ও কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা।

তুরস্কের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আপাতত দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় এই সহায়তা দেওয়া হবে। কারণ, যৌথ প্রতিরক্ষা চুক্তিটি এখনো তুরস্কের পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি।

ফিদান জানান, পার্লামেন্টের অনুমোদনের জন্য চুক্তিটি জমা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ। যত দ্রুত সম্ভব এটি পার্লামেন্টে উপস্থাপনের লক্ষ্য রয়েছে তুরস্কের।

বিষয়:ইয়েমেন ইরান তুরস্ক হুতিবিরোধী অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…