শিশু পরিচর্যার অভিজ্ঞতা বিনিময়ে ঢাকায় আইসিডিপির সম্মেলন

শিশুদের সুস্থ বিকাশ ও ইতিবাচক পরিচর্যা নিশ্চিত করতে অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ‘আইসিডিপি এশীয় আঞ্চলিক সম্মেলন ২০২৬’।
নরমিশন বাংলাদেশের আয়োজনে ১৩ ও ১৪ অক্টোবর ঢাকার হোটেল লেকশোরে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড ও নরওয়ের ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের (আইসিডিপি) ফ্যাসিলিটেটর, প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষকরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে মূল বক্তব্য দেন আন্তর্জাতিক আইসিডিপি ট্রেইনার অব ট্রেইনার্স এবং আইসিডিপি বাংলাদেশের পরামর্শক ড. গার্ড এলি লিন্ডটজর্ন হ্যাল্যান্ড। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন নরমিশন বাংলাদেশের পরিচালক রানা ডি. মজুমদার।
আয়োজকদের লক্ষ্য, এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো। পাশাপাশি ভিন্ন ভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আইসিডিপি বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিশুদের বিকাশ ও কল্যাণে ইতিবাচক পরিচর্যার চর্চা আরও কার্যকর করা।
আয়োজনটি অংশগ্রহণকারীদের নিজ নিজ কমিউনিটি ও দেশে আইসিডিপির নীতিগুলো প্রয়োগে সহায়তা করবে বলে আশা করছেন আয়োজকেরা।



