কয়েক ঘণ্টা পরেই পর্দা উঠতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম আসরের। জমকালো আয়োজনের মধ্য দিয়েই শুরু হতে চলেছে এবারের আসর। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে দেখা যাবে একঝাঁক বলিউড অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীদের চোখধাঁধানো পারফরম্যান্স।
এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার ইডেন গার্ডেন্সেই। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে এক ঘণ্টা চলবে অনুষ্ঠান। যা সরাসরি উপভোগ করতে দর্শককে গুণতে হচ্ছে সর্বনিম্ন ৩ হাজার সর্বোচ্চ ৩০ হাজার রুপি পর্যন্ত।
বাংলাদেশের টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়া স্টার স্পোর্টস ১ ও স্পোর্টজেডএক্স অ্যাপেও দর্শকরা উপভোগ করতে পারবেন তারকাদের পারফরম্যান্স।
ভারতীয় গণমাধ্যমের খবর, আইপিএলের উদ্বোধনীতে বলিউড মহাতারকা শাহরুখ খান এবং সালমান খান ছাড়াও উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, মাধুরী দীক্ষিত, দিশা পাটানি, ভিকি কৌশল এবং সঞ্জয় দত্তের মতো তারকারা।
মঞ্চে জমজমাট পারফরম্যান্স করতে দেখা যাবে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ানকে। আরও থাকবে জনপ্রিয় মার্কিনি পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক। এছাড়াও অনুষ্ঠানে হাজির হবেন একাধিক কিংবদন্তি ক্রিকেটাররাও।
কলকাতা-বেঙ্গালুরু উদ্বোধনী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ১০ দল নিয়ে ৬৫ দিনব্যাপী এই আসরের মেগা ফাইনালসহ মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে। ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইপিএলের ম্যাচগুলো।







