আইপিএল ১৮তম আসরের পর্দা নেমেছে। উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে উজ্জ্বল বিরাট কোহলি। গড়েছেন একটি রেকর্ডও। একমাত্র ব্যাটার হিসেবে আইপিএলে চারটি দলের বিপক্ষে কমপক্ষে ১০০০ রান করেছেন ভারত কিংবদন্তি।
ইডেনে গার্ডেন্সে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বেঙ্গালুরু। আজিঙ্কা রাহানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭৪ রানের লক্ষ্য গড়ে কলকাতা। লক্ষ্য তাড়ায় নেমে এই রেকর্ড গড়েন কোহলি।
আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৯৬২ রান ছিল কোহলির ঝুলিতে। হাজার রান করতে দরকার ছিল ৩৮ রান। সাবলীল ব্যাটিংয়ে ২৩ বলে তা স্পর্শ করেন কোহলি। ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার।
এর আগে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে ১০০০ রান করার কৃতিত্ব আছে কোহলির। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিকও ভারত কিংবদন্তি। আগের ২৫২ ম্যাচে করেছেন ৮০০৪ রান। তবে বেঙ্গালুরুর হয়ে এখনো আইপিএল শিরোপার দেখা পাননি কোহলি।







