২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর ১৭ বছরে আর চেন্নাইয়ের ঘরের মাঠে তাদেরকে হারাতে পারেনি দলটি। ১৮তম আসরে এসে চিপকে দ্বিতীয় জয়ের দেখা পেল বেঙ্গালুরু।
শুক্রবার চেন্নাইয়ের ঘরের মাঠে তাদেরকে ৫০ রানে হারিয়েছেন বিরাট কোহলিরা। টসে হেরে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ১৯৬ রান তোলে বেঙ্গালুরু। জবাবে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।
সফরকারীদের হয়ে রজত পতিদার ৩২ বলে ৫১ রান করেন। বাকিদের মধ্যে ফিল সল্ট ১৬ বলে ৩২, কোহলি ৩০ বলে ৩১, দেবদূত পাডিক্কাল ১৪ বলে ২৭ রান এবং টিম ডেভিড ৮ বলে ২২ রান করেন।
চেন্নাইয়ের হয়ে নূর আহমেদ ৩ উইকেট নেন। মাথিশা পাথিরানা নেন দুই উইকেট।
জবাবে নেমে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন রাচিন রবীন্দ্র। ৩১ বলে ৪১ রান করেন কিউই অলরাউন্ডার। এছাড়া রবীন্দ্র জাদেজা ১৯ বলে ২৫ এবং শিভম দুবে ১৫ বলে ১৯ রান করেন। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি তিনটি চার ও দুই ছক্কায় ১৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।
বেঙ্গালুরুর হয়ে জশ হ্যাজেলউড তিন উইকেট নেন। যশ দায়াল ও লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট নেন।








