জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদের আবাসিক হল মীর মোশাররফ হোসেন হলে ইন্টারনট সংযোগের কাজ করার সময় হলের ছাদ থেকে পড়ে একজন ইন্টারনেট কর্মী মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম প্রীতম (২২)। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি মীর মশাররফ হোসেন হলে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান মাস্টারনেটের কর্মী হিসেবে কাজ করতেন।
হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মীর মোশাররফ হোসেন হলের এ ব্লকের পশ্চিম পাশে নতুন স্থাপিত আনসার ক্যাম্পে ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা ছিল মাস্টারনেটের। ওইদিন রাত ১১টার দিকে আনসার সদস্য রবিউলকে ফোন করে সংযোগ দিতে এসেছিলেন প্রীতম।
রবিউল তাকে নিচতলার কক্ষে রাউটার ও সংযোগের স্থান দেখিয়ে দিয়ে চলে যান। পরে এ ব্লকের ছাদের উপর ইন্টারনেটের তার টেনে নিয়ে আসার জন্য ছাদে উঠেন প্রীতম। ছাদের সর্বশেষ কোণায় রেলিংয়ের পাশ দিয়ে অতিক্রমের সময় ইট খসে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।
পরে তাকে গুরুতর আহত ও অচেতন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








